সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ একনলা ও দুইনলা শটগান, গুলি, মাদকদ্রব্য এবং প্রায় ১৯ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি একনলা ও একটি দুইনলা শটগান, পাঁচ রাউন্ড গুলি এবং ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রতাপপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় একটি অবৈধ একনলা শটগান, একটি দুইনলা শটগান, পাঁচ রাউন্ড গুলি এবং ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া সীমান্তবর্তী অন্যান্য এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। উদ্ধার ও জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, গত তিন মাসে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তে অভিযান পরিচালনা করে ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের মাদকসহ সর্বমোট ৪১ কোটি ২ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে।
তিনি আরও জানান, চলতি বছরে এ পর্যন্ত ছয়টি এয়ার রাইফেল, তিনটি শটগান এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন