সিলেট

সিলেটে মাউন্ট এডোরার মেন্টারনিটি ইউনিটে রোগী ভর্তি বন্ধের নির্দেশ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

সিলেটে মাউন্ট এডোরার মেন্টারনিটি ইউনিটে রোগী ভর্তি বন্ধের নির্দেশ

নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের পর সিলেটের বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরার ‘অল উইমেন মেটারনিটি কেয়ার’ ইউনিটে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। তদন্তে ইউনিটটিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ জনবল ও জরুরি অস্ত্রোপচারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি উঠে এসেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত। তিনি জানান, হাসপাতালটির সম্প্রতি চালু হওয়া মাতৃত্বকালীন সেবা ইউনিটে প্রয়োজনীয় গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ও স্থায়ী অ্যানেসথেশিওলজিস্ট নেই। পাশাপাশি দক্ষ জনবলের ঘাটতি এবং জরুরি অস্ত্রোপচারের পর্যাপ্ত ব্যবস্থাও পাওয়া যায়নি।

ডা. জন্মেজয় দত্ত বলেন, এসব অসংগতির কারণে ইউনিটটির কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করেছে তদন্ত কমিটি। প্রয়োজনীয় জনবল নিয়োগসহ অন্যান্য ঘাটতি পূরণ করে পুনরায় সেবা চালু করতে হলে হাসপাতাল কর্তৃপক্ষকে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে হবে। এরপর বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী চলতি সপ্তাহে হাসপাতাল কর্তৃপক্ষকে ওই ইউনিটে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইউনিটটি বন্ধ রেখেছে বলে তিনি জানতে পেরেছেন। নির্দেশনা অমান্য করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে সন্তান প্রসবের সময় এক নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন নবজাতকের স্বজনেরা।

স্বজনদের অভিযোগ, সময়মতো অস্ত্রোপচার না করে স্বাভাবিক প্রসবের চেষ্টা করায় শিশুটির মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা অন্তঃসত্ত্বা নাজমা বেগমকে প্রসবের জন্য ঘটনার দুই দিন আগে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের সহকারী অধ্যাপক চিকিৎসক রেজওয়ানা মির্জার অধীনে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সদস্যদের দাবি, আলট্রাসনোগ্রাম পরীক্ষার প্রতিবেদনে শিশুর ওজন সাড়ে তিন থেকে চার কেজি উল্লেখ করা হয়েছিল। এ কারণে তাঁরা শুরু থেকেই চিকিৎসকদের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানোর অনুরোধ জানান। তবে চিকিৎসকেরা মা ও শিশু দুজনই সুস্থ আছেন এবং স্বাভাবিক প্রসব সম্ভব বলে তাঁদের আশ্বস্ত করেন। বারবার অনুরোধ করার পরও সময়মতো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ স্বজনদের।

তাঁদের ভাষ্য, প্রসবের একপর্যায়ে নবজাতকের মাথা বের হলেও কাঁধসহ শরীরের বাকি অংশ আটকে যায়। এ সময় টানাটানিতে শিশুটির গলা, পিঠ ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন তাঁরা। পরিস্থিতি জটিল হয়ে ওঠার পর বিশেষজ্ঞ চিকিৎসককে ডাকা হলেও ততক্ষণে নবজাতকটি মারা যায় বলে দাবি পরিবারের সদস্যদের।

এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন নাজমা বেগমের স্বজনেরা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেটের ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তদন্তে মাউন্ট এডোরার মাতৃত্বকালীন সেবা ইউনিটে প্রয়োজনীয় চিকিৎসক, দক্ষ জনবল ও জরুরি চিকিৎসাব্যবস্থার ঘাটতিসহ বিভিন্ন অসংগতি পাওয়া যায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে ইউনিটটিতে রোগী ভর্তি বন্ধ রাখার সুপারিশ করে তদন্ত কমিটি। এর পরিপ্রেক্ষিতেই ইউনিটটিতে রোগী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

সিলেট থেকে আরো পড়ুন