বাংলাদেশ

তালাবদ্ধ ঘর থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার 

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১২:৫৭

তালাবদ্ধ ঘর থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার 

প্রতিকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার রাজেন্দ্রপুর এলাকার মো. দুলাল মিয়ার বাড়ির ৪তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
শাহীন হোসেন শ্রীপুর উপজেলার নয়াগাঁও এলাকার মো. রতন মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রায় ৫ মাস আগে এক নারীর জন্য বাড়ি থেকে বের হয়ে যান শাহীন। পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

মঙ্গলবার এক ব্যক্তি নিহতের ভাইকে ফোন করে জানান শাহীনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে তালাবদ্ধ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।
 
তার গলায় জখমের কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে শক্ত তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ তাকে হত্যা করা হয়েছে। ওই বাসায় এক নারীকে নিয়ে ভাড়া থাকতেন শাহীন। সেখানে শাহীন মাঝেমধ্যে যাওয়া আসা করতেন। এ ঘটনার পর ওই নারীর সন্ধান পাওয়া যাচ্ছে না। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন