সিলেট

ওমানে ১৬ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১৭:২২

ওমানে ১৬ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক

ছবি: সংগৃহীত

পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটি রেস্টুরেন্টে কাজ করে চলছিল তাঁর জীবন। নিয়মিত মায়ের সঙ্গে কথা বলতেন। কিন্তু গত ১৬ দিন ধরে বন্ধ রয়েছে সেই যোগাযোগ। মোবাইল ফোন বন্ধ, কর্মস্থলেও অনুপস্থিত। সহকর্মী ও পরিচিতদের কাছেও মিলছে না কোনো সন্ধান। হবিগঞ্জের চুনারুঘাটের যুবক খলিলুর রহমান রিফাতের (২৭) নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। ছেলের চিন্তায় বারবার মূর্ছা যাচ্ছেন মা সাফিয়া আক্তার।

নিখোঁজ রিফাত চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের বাসিন্দা আজিজুল হকের দ্বিতীয় সন্তান। প্রায় ছয় বছর ধরে তিনি ওমানে বসবাস করছেন। পরিবারের সদস্যরা জানান, ১৬ দিন আগে মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল রিফাতের। তখন তিনি ভালো আছেন বলে জানিয়েছিলেন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

প্রথম দিকে বিষয়টিকে নেটওয়ার্কের সমস্যা বলে ধারণা করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু এক দিন, দুই দিন করে ১৬ দিন পেরিয়ে গেলেও রিফাতের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এতে পরিবারের উদ্বেগ ক্রমেই বাড়তে থাকে।

পরে ওমানে থাকা রিফাতের সহকর্মী, রুমমেট ও পরিচিত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করেন স্বজনেরা। কিন্তু তাঁরাও রিফাতের কোনো সন্ধান দিতে পারেননি। পরিবারের দাবি, রিফাত তাঁর কর্মস্থল রেস্টুরেন্টেও যাচ্ছেন না। মাসকাটে ওই রেস্টুরেন্টের বিদেশি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলেও রিফাতের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় চুনারুঘাটের কালিশীরি গ্রামের বাড়িতে নেমে এসেছে উদ্বেগের ছায়া। সন্তানের চিন্তায় বারবার মূর্ছা যাচ্ছেন মা সাফিয়া আক্তার। ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন বাবা আজিজুল হক। ১৬ দিন ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

ছেলের সন্ধান চেয়ে কান্নাজড়িত কণ্ঠে সাফিয়া আক্তার বলেন, “আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন দিত। ১৬ দিন ধরে আমার বুকটা খালি। আমার ছেলে বেঁচে আছে কি না, তাও জানি না। আমার ছেলেকে খুঁজে পেতে আমি সরকার ও প্রবাসী ভাইদের সাহায্য চাই।”

রিফাতের সন্ধান পেতে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তাঁর বাবা আজিজুল হক।

পরিবারের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় দ্রুত খোঁজ মিলবে নিখোঁজ রিফাতের। দীর্ঘ ১৬ দিনের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর মা-বাবা ও স্বজনেরা।

সিলেট থেকে আরো পড়ুন