সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ৩৫ দিন পর খোলা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিনভর দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া টাকা গণনা করা হয়। গণনা শেষে প্রাপ্ত অর্থের হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
এবার দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ ছাড়া দানবাক্স থেকে সোনা, রূপা ও ১৮টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ১৩ দশমিক ৫০ ওমানি রিয়াল, ৯৩ সৌদি রিয়াল, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৭ কাতারি রিয়াল, ১০০ বাহরাইনি দিনার, ১৪ ব্রিটিশ পাউন্ড, ২৯ মার্কিন ডলার এবং ৭ ইউরো ৩৩ সেন্ট।
এ ছাড়া পাওয়া গেছে ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ থাই বাত, ১৫ মালদ্বীপের রুফিয়া, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল ও ৫০০ শ্রীলঙ্কান রুপি।
মাজারে দান হিসেবে পাওয়া গবাদিপশুর মধ্যে ৭টি গরুর ৪টি লঙ্গরখানায় জবাই করা হয়। বাকি ৩টি গরু খাদিমদের দেওয়া হয়।
অন্যদিকে, ৩১০টি ছাগলের মধ্যে ২১০টি লঙ্গরখানায় এবং ২৭টি শিন্নির জন্য জবাই করা হয়। অবশিষ্ট ৪৮টি ছাগল খাদিমদের দেওয়া হয়েছে।
মাজারে দেশ-বিদেশের ভক্ত ও দর্শনার্থীদের দান করা অর্থ, মূল্যবান ধাতু ও বৈদেশিক মুদ্রা গণনার মধ্য দিয়ে এবারও বিপুল পরিমাণ অনুদানের হিসাব পাওয়া গেল।
সিলেট থেকে আরো পড়ুন