সিলেট

সুনামগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলে ২ কর্মী আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪৩

সুনামগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলে ২ কর্মী আটক

সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। ঝটিকা মিছিলে অংশ নিতে এসে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী ও জনতার হাতে আটক হওয়ার পর তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলযোগে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় এলাকায় আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় সতর্ক অবস্থান নেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে মিছিলটি উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়েরের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে সুমন আহম্মেদ (২৬)।

খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিলেট থেকে আরো পড়ুন