খেলাধুলা

মেসির মুকুটে যুক্ত হচ্ছে নতুন আরেকটি পালক

স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ১৬:৪৯

মেসির মুকুটে যুক্ত হচ্ছে নতুন আরেকটি পালক

ছবি সংগৃহীত :

বিশ্বকাপ জয়, আটটি ব্যালন ডি’অরসহ ক্যারিয়ারে অসংখ্য অর্জন। এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। ফুটবলে অসামান্য অবদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ভূমিকার স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’ পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

 

২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামোরে রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে এই সম্মাননা গ্রহণ করবেন মেসি।

মেসির জন্য এই পুরস্কার বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এবারই প্রথম এককভাবে কোনো ফুটবলারকে দেওয়া হচ্ছে প্রিন্সেস অব আস্তুরিয়াসের ক্রীড়া পুরস্কার। মাঠের অসাধারণ সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও মেসির অবদানকে স্বীকৃতি দিচ্ছে আয়োজকরা।

গত ৩ জুন ওভিয়েদোতে ২০২৬ সালের ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। ২৭ জন মনোনীত ব্যক্তির মধ্য থেকে তাকে বেছে নেয় পুরস্কারটির আয়োজক সংস্থা। মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ার, ধারাবাহিক সাফল্য, বিনয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার দাতব্য কার্যক্রম বিচারকদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৯৮১ সালে প্রবর্তিত হয় প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ আটটি বিভাগে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই সম্মাননা। পুরস্কারের সঙ্গে রয়েছে স্প্যানিশ শিল্পী হুয়ান মিরোর নকশা করা ভাস্কর্য, সনদ, ব্যাজ ও ৫০ হাজার ইউরো অর্থমূল্য।

ফুটবলের সঙ্গে এই পুরস্কারের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দল এবং ২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেন দল পেয়েছিল এই সম্মাননা। ২০১২ সালে যৌথভাবে পুরস্কারটি জেতেন স্পেনের দুই তারকা ইকার ক্যাসিয়াস ও জাভি হার্নান্দেজ।

এ ছাড়া টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদালের মতো ক্রীড়াবিদও পেয়েছেন এই পুরস্কার। তবে এককভাবে কোনো ফুটবলার হিসেবে এবারই প্রথম এই সম্মাননা পাচ্ছেন মেসি। রাজা ও রানির উপস্থিতিতে পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে আর্জেন্টাইন মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হবে আরেকটি স্মরণীয় অধ্যায়।

খেলাধুলা থেকে আরো পড়ুন