সিলেট

সুনামগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ১৫:১৮

সুনামগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শারদীয় দুর্গোৎসবের মহানবমীর আনন্দঘন পরিবেশের মধ্যেই সুনামগঞ্জের জামালগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর গ্রামের পাশের নদী থেকে অদিতি রায় ঐতি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার দুর্গাপুর গ্রামের পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত অদিতি রায় ঐতি জামালগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মনোজ রায় ও রুবি রায় দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর দিন সন্ধ্যা ৬টার দিকে অদিতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা প্রথমে বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাতভর খোঁজ চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বুধবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে গ্রামের পাশের নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ধারণা, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। মাত্র ৯ বছর বয়সী শিশুটির এমন অকালমৃত্যুতে শোকাহত হয়ে পড়েন গ্রামবাসীও।

খবর পেয়ে বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যান জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়। এ সময় আনসার বাহিনীর সদস্য, তিনজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহ দাহ করার বিষয়ে নির্দেশনা দেন।

শারদীয় দুর্গোৎসবের আনন্দের মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় দুর্গাপুর গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।

সিলেট থেকে আরো পড়ুন