চায়ের সবুজে ঘেরা শ্রীমঙ্গলে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। শেষ রাত থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতির চেনা রূপ। ভোরের আলো ফুটতেই সেই কুয়াশা চিরে উঁকি দিচ্ছে মিষ্টি রোদ–ঋতু পরিবর্তনের এই আমেজে ‘চায়ের রাজধানী’ নামে পরিচিত এ জনপদে শুরু হয়েছে শীত বরণের প্রস্তুতি।
দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত পর্যটন এলাকা শ্রীমঙ্গল। বিস্তীর্ণ চা-বাগান, সবুজ পাহাড়-টিলা আর ঘন বনাঞ্চলের কারণে বছরজুড়েই এখানে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা থাকে। তবে শরতের বিদায় ও হেমন্তের এ সময়ে ভোরের হিমেল বাতাস প্রকৃতির সৌন্দর্যে যোগ করেছে নতুন এক মাত্রা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের শেষ ভাগ থেকে ভোর পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সকালে আঁকাবাঁকা পাহাড়ি পথ আর সবুজ চা-বাগানের পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু রোদের আলোয় ঝিকমিক করে উঠছে। বৃষ্টিপাত কমায় পাহাড়ি সবুজ রূপ এখন যেন আরও স্নিগ্ধ ও সজীব।
প্রাকৃতিক এ পরিবর্তন কেবল স্থানীয়দের জীবনযাত্রায় আমেজ আনেনি, টানতে শুরু করেছে পর্যটকদেরও। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন চা-বাগানের ভেতর দিয়ে মেঠোপথে হাঁটা কিংবা দূর পাহাড়ের ওপর মেঘ-কুয়াশার খেলা দেখা পর্যটকদের কাছে বরাবরের মতোই বাড়তি আকর্ষণ।
শ্রীমঙ্গলের পাহাড়ি প্রকৃতি জানান দিচ্ছে–খুব শিগগির জমে উঠতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় এ পর্যটন কেন্দ্রের শীতের মৌসুম।
সিলেট থেকে আরো পড়ুন