সিলেট

সিলেটে বিএনপির ২ গ্রুপের  কর্মসূচি, ১৪৪ ধারা জারি

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ১০:৩১

সিলেটে বিএনপির ২ গ্রুপের  কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রতিকী ছবি

সিলেটের বিশ্বনাথে একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ অক্টোবর) রাতে এ তথ্য  নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম।

প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর এলাকার পুরানবাজারের কলেজ রোডসংলগ্ন ডাকবাংলো ও আশপাশের এলাকায় পৃথকভাবে বিএনপির দুই পক্ষ সভা আহ্বান করেছে। একই সময়ে কর্মসূচি পালনের ঘোষণায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এ বিষয়ে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া ওই এলাকায় লাঠি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ১৪৪ ধারার আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম বলেন, ‘দুই পক্ষের সভা-সমাবেশ ঘিরে উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।’

সিলেট থেকে আরো পড়ুন