সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ ১২:০০

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল ১০ জনের।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেট স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার এবং অন্যজন সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা। দুজনের বয়সই এক বছরের কম।

গোয়াইনঘাটের শিশুটির বয়স ছিল ৯ মাস। ৭ অক্টোবর সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে দিরাইয়ের ৬ মাস বয়সী শিশুটি ৬ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন দুই মৃত্যুর পর সিলেট জেলায় হাম ও হাম সন্দেহে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ৭১ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ৪ জনের।

সুনামগঞ্জে মোট মৃত্যু হয়েছে ৬৭ জনের। এর মধ্যে ৬৬ জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে এবং একজনের মৃত্যু হয়েছে পরীক্ষায় নিশ্চিত হামজনিত কারণে। হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

মৃত্যুর পাশাপাশি হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২২৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি ৮৮ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

নতুন রোগী ভর্তির পর বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫৫২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২০৩ জন চিকিৎসাধীন আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০ এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

নিশ্চিত হাম রোগী ১,০৯৫

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় ১ হাজার ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২২ জন, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।

হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৮৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭৫ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০ জন।

অর্থাৎ, হাম ও হাম সন্দেহে মৃতদের বড় অংশই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

সিলেট থেকে আরো পড়ুন