সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।
বুধবার (৭ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আয়শা মনি। সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মো. আশিক মিয়ার মেয়ে।
আয়শা মনির মৃত্যু নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৭৪ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন।
জেলা অনুযায়ী শনাক্ত রোগীর সংখ্যা—সিলেটে ৪২২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে নতুন করে ১৩৬ জন ভর্তি হয়েছেন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট থেকে আরো পড়ুন