সিলেট

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের আতংক, বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৮:৫১

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের আতংক, বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতার কুঁড়ি তোলার সময় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়েছে। পরে খবর পেয়ে একটি বিষধর পদ্ম গোখরা সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, চা পাতার কুঁড়ি তোলার সময় এক শ্রমিক হঠাৎ ‘হিস হিস’ শব্দ শুনতে পান। বিষয়টি বুঝতে পেরে চা শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। পরে ঘটনাটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে জানানো হয়।

খবর পেয়ে সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সাপটিকে পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করেন। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ বলে জানান তারা।

সাপটি নিরাপদে উদ্ধার করে পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষধর সাপটি না মেরে উদ্ধারের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুড়ভুড়িয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সময়মতো সচেতনতার সঙ্গে খবর দেওয়ায় একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে।

সিলেট থেকে আরো পড়ুন