প্রতিকী ছবি
সিলেটের বিশ্বনাথে একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম।
প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর এলাকার পুরানবাজারের কলেজ রোডসংলগ্ন ডাকবাংলো ও আশপাশের এলাকায় পৃথকভাবে বিএনপির দুই পক্ষ সভা আহ্বান করেছে। একই সময়ে কর্মসূচি পালনের ঘোষণায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া ওই এলাকায় লাঠি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ১৪৪ ধারার আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম বলেন, ‘দুই পক্ষের সভা-সমাবেশ ঘিরে উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।’
আইটি ল্যাব সলিউশন্স লি.