সিলেট নগরীর কদমতলী বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২ অক্টোবর) বিকালে পৃথক দুটি অভিযান চালানো হয়। এর মধ্যে বিকাল ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নিমাদল এলাকার মৃত সাথীর আলীর ছেলে আহমদ করিম (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট হিসেবে কাজ করতেন।
তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৭৫ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি প্রায় দেড় বছর ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে টাকা ও টোকেন সংগ্রহ করে চক্রের অন্য সদস্যদের কাছে পাঠাতেন এবং জুয়ার ফলাফলের ভিত্তিতে লেনদেন সমন্বয় করতেন। এভাবে তিনি দৈনিক প্রায় ৫০০ থেকে ১ হাজার টাকা আয় করতেন।
এর আগে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকায় নতুন রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি হলেন- ভার্তখলা এলাকার ফরিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৮)। তার কাছ থেকেও একটি মোবাইলফোন ফোন জব্দ করা হয়।
এসআরবি জানায়, জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনায় অনলাইন জুয়া পরিচালনা ও লেনদেনের বিভিন্ন আলামত পাওয়া গেছে।
আটক আহমদ করিম ও আলমগীর হোসেনকে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন জুয়া চক্রের অন্যান্য এজেন্ট, পরিচালনাকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-৯ ও সিপিএসসি, সিলেটের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেট থেকে আরো পড়ুন