সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুটকি, চকলেট, সুপারি ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।
শনিবার (৩ অক্টোবর ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, দমদমিয়া ও ডিবিরহাওর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সিলেট থেকে আরো পড়ুন