ছবি সংগৃহীত :
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার(২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পীরগাছা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
গ্রেফতার হাসানুর রহমান তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে।
মামলার বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক কলহের জেরে হাসানুর তার মা হাসনা বেগমের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং অভিমান করে থাকতেন। পরে রাগ ভাঙাতে হাসানুর ও তার মাকে একসঙ্গে ভাত খাওয়ার জন্য হাত ধরে অনুরোধ করেন তার শাশুড়ি মর্জিনা বেগম।
এ সময় হাসানুর রেগে গিয়ে শাশুড়ির সামনে তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। বিষয়টি দেখে হাসানুরের বাবা মাহবুর রহমান হাতের কাছে থাকা বাঁশের খড়ি দিয়ে তাকে আঘাত করেন এবং থাপ্পড় দেন।
একপর্যায়ে হাসানুর ফল কাটার ধারালো ছুরি দিয়ে বাবা মাহবুর রহমানের ডান কাঁধে সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হন মাহবুর। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর নিহতের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে ছেলে হাসানুর রহমানের বিরুদ্ধে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন হাসানুর। পরে রোববার কৌশলে তাকে গ্রেফতার করে পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন