ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ালেও বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
মুম্বাইয়ের ঐতিহ্যবাহী তাজ মহল প্যালেসে ধারণ করা ভিডিওতে আমিশাকে বন্ধুদের সঙ্গে হার্দিককে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। একপর্যায়ে তিনি ক্রিকেটারের কাঁধে হাত রাখেন। এরপরই তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য শুরু হয়।
ভিডিওটি এক্সে শেয়ার করে এক ব্যবহারকারী দাবি করেন, বেঙ্গালুরুর একটি পার্টিতে আমিশার আচরণে তাদের সম্পর্কের মধ্যে বিশেষ কিছু থাকার ইঙ্গিত পাওয়া যায়। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তীব্র হয়।
গুঞ্জনে বিরক্তি প্রকাশ করে ওই পোস্টের জবাব দেন আমিশা। কটাক্ষের সুরে তিনি লেখেন, হ্যাঁ, একদম ঠিক ধরেছেন! হার্দিকের গায়ে হাত রাখার মধ্যে সত্যিই খুব রোমান্টিক ব্যাপার ছিল!
অভিনেত্রী আরও বলেন, আমি আপনাকে চিনি না, তবে নিশ্চিতভাবে বলতে পারি আপনার কোনো মেয়ে বন্ধু নেই। এমন কোনো পোস্ট করার আগে আপনার উচিত অন্তত একজন মেয়েকে বন্ধু হিসেবে পাওয়া।
উল্লেখ্য, হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, আমিশা প্যাটেল অভিনয়েই মনোযোগ দিচ্ছেন। ‘গদর ২’এর সাফল্যের পর ‘গদর ৩’এ আবারও সকিনার চরিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বিনোদন থেকে আরো পড়ুন