সিলেট

সিলেটে সড়কে প্রাণ গেল ৪৭ জনের, আহত ১২২

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৮

সিলেটে সড়কে প্রাণ গেল ৪৭ জনের, আহত ১২২

প্রতিকী ছবি

সিলেট বিভাগে চলতি বছরে এক মাসে সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে আগস্ট মাসে। এ মাসে বিভাগজুড়ে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন। এর আগে চলতি বছরের মে মাসে সর্বোচ্চ ৫১ জনের প্রাণহানি ঘটে।

রোববার (৬ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় তিনটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। আগস্ট মাসে বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। তুলনামূলকভাবে কম প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্ট মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় চারজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। আর হবিগঞ্জে নয়টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়ক নির্মাণের ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।

নিহতদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী, সাতটি দুর্ঘটনায় নয়জন সিএনজি ও টমটম চালক ও আরোহী এবং ১২টি দুর্ঘটনায় ১২ জন চালক নিহত হয়েছেন। এছাড়া সাতটি দুর্ঘটনায় সাতজন পথচারী প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার সাতটি ঘটনায় পাঁচজন, মুখোমুখি সংঘর্ষের ১২টি ঘটনায় ২৭ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

আগস্ট মাসে নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এর আগে জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছিলেন। ফলে জুলাইয়ের তুলনায় আগস্টে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে সাতটি, প্রাণহানি বেড়েছে ১৬ জন এবং আহতের সংখ্যা বেড়েছে ৪৭ জন।

সিলেট থেকে আরো পড়ুন