সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় জালাল আহমদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি জানান, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় বসবাস করতেন।
এদিকে, এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলা’ থেকে ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)-এর মরদেহ উদ্ধার করা হয়। নিজ বাসার ভেতরে তাদের হত্যার ঘটনায় নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিলেট নগরজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শাহাব উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার জালাল আহমদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন