সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় তৈরি শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে। এ সময় একটি ভ্যান গাড়িও আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মোগলাবাজার থানাধীন মোগলাবাজার চাউলহাট এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, আমিন ট্রেডার্স নামের একটি দোকানের সংলগ্ন হারুন মিয়ার দোকানের সামনে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আসামিরা পালিয়ে যায়। পরে হারুন মিয়ার দোকানের সামনে থাকা একটি ভ্যান গাড়িতে এবং দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে ৫ কার্টুন ভারতীয় তৈরি শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়।
এরপর মোগলাবাজার থানাধীন জাহানপুর (দক্ষিণ বাড়ি) এলাকায় হারুন মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে আরও ২২ কার্টুন ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি জব্দ করে পুলিশ।
দুই দফা অভিযানে সর্বমোট ২৭ কার্টুন ভারতীয় তৈরি শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। জব্দ করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে একটি ভ্যান গাড়ি আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান,এ ঘটনায় মোগলাবাজার থানায় ২৪ আগস্ট ২০২৬ তারিখে মামলা নম্বর-১৪ দায়ের করা হয়েছে। মামলাটি The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় রুজু করা হয়।
পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সিলেট থেকে আরো পড়ুন