সিলেট

সিলেটে অভিযানে ৬৪ জন গ্রেফতার, ১৫৬ যানবাহনের বিরুদ্ধে মামলা

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১৩:৫২

সিলেটে অভিযানে ৬৪ জন গ্রেফতার, ১৫৬ যানবাহনের বিরুদ্ধে মামলা

প্রতিকী ছবি

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি সূত্রে জানা যায়, অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় আটক, মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার এবং বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে পুলিশের হাতে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্যও উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ গ্রাম গাঁজা, ১০ বোতল ভারতীয় মদ, ৫ লাখ ৬৭ হাজার পিস ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি এবং ৬ লাখ ৮৫ হাজার ২১৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট।

এদিকে, মহানগর ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় মোট ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৮৮টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট থেকে আরো পড়ুন