সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক জালাল আহমদ (৪০)।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন,‘রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আপাতত তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।’
প্রসঙ্গত, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় থাকতেন।
এর আগে, গত ১২ আগস্ট সকালে সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলায়’ নিজ বাসার ভেতরে খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.