বাংলাদেশ

আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১১:০১

আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

ছবি সংগৃহীত :

ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে ২৭ সদস্যের পুলিশ দল নিয়ে বিশেষ অভিযান চালিয়ে একাধিক তালা ও দরজা ভেঙে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের বিরুদ্ধে।

গত ২৪ নভেম্বর গভীর রাতের এই ঘটনার পর অর্থ লেনদেনের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও রহস্যের দানা বেঁধেছে।

ডা. মমিনুর রহমান জিন্নাহ বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাটিকাশর এলাকায় ডা. জিন্নাহর মালিকানাধীন ‘নিরাময় ক্লিনিকে’ আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত গোপন বৈঠক হয় এমন তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর গভীর রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে ২৭ সদস্যের একটি পুলিশ দল সেখানে অভিযান চালায়। ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকটি তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে সেখান থেকে ডা. মমিনুর রহমান জিন্নাহকে হাতেনাতে আটক করা হয়। তবে রহস্যজনক কারণে তাকে থানায় না নিয়ে ঘটনাস্থল থেকেই ছেড়ে দিয়ে চলে আসে পুলিশ।

স্থানীয়দের ক্ষোভ, ডা. জিন্নাহর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ বা অপরাধ না-ই থাকে, তবে এত বড় পুলিশ বহর নিয়ে তার ক্লিনিকের একাধিক তালা ও দরজা ভাঙা হলো কেন। আর আটক করার পর কীসের ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, ওসি শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝে কিছুদিন বিরতি দিয়ে ২০২৬ সালের ১১ মার্চ থেকে পুনরায় তিনি একই থানার ওসির দায়িত্বে রয়েছেন। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এই কোতোয়ালি মডেল থানাতেই উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন।

ঘটনার বিষয়ে জানতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কয়েকজন গণমাধ্যমকর্মী কোতোয়ালি মডেল থানায় ওসির কক্ষে গেলে তিনি সাংবাদিকদের ডা. জিন্নাহকে ছেড়ে দেওয়ার বিষয়ে বলেন, অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এত বড় অভিযানে কাউকে আটকের পর ছেড়ে দেওয়ার কোনো আইনি এখতিয়ার ওসির নেই। কোনো আসামি অসুস্থ থাকলে সে বিষয়ে একমাত্র সিভিল সার্জন এবং আদালত সিদ্ধান্ত দেবেন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহম্মদ ইসহাক। তিনি বলেন, স্বাচিপের জেলা সভাপতি ডা. জিন্নাহ তার প্রাইভেট হাসপাতালে বসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করছেন। অভিযান পরিচালনা করেও তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোতোয়ালির ওসি শিবিরুল আওয়ামী লীগ আমলে এখানে চাকরি করার সুবাদে বড় বড় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই; বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনে আমরা বিষয়টি উত্থাপন করব।

ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাকে প্রত্যাহার করতে বলেছি। উনি আশ্বাস দিয়েছেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন।

তিনি আরও বলেন, ওসি এতো ক্ষমতা কোথায় পায়, তার খুঁটির জোর কোথায় এ বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন