সিলেট

সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নতুন সিলেট প্রতিবেদক :

নতুন সিলেট প্রতিবেদক :

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৪:৩২

সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে থাকা রক্তের চিহ্নের সূত্র ধরে ঘাতক ট্রাকটি শনাক্ত ও উদ্ধার করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শামস তাহির জৈন্তাপুর বাজার থেকে নিজের মোটরসাইকেল নিয়ে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জাফলংগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শামস তাহির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি এলাকার বাসিন্দা।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-২ টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি শনাক্ত ও উদ্ধারে অভিযান শুরু করে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্ন দেখে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা হয়। পরে প্রায় পাঁচ ঘণ্টার অভিযানের পর শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে মোবাইল-১ টিমের সহায়তায় জৈন্তাপুরের চাঙ্গিল বাজার এলাকার একটি গলি থেকে ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০ নম্বরের ট্রাকটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা ট্রাকটি বর্তমানে তামাবিল হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাক উদ্ধারের খবর পেয়ে স্থানীয় লোকজন সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন