প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১০:৪৪
পলাতক আসামি ও সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেট নগরের দাড়িয়াপাড়ায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে রায় হয়েছে, সামনে আরও অনেক মামলা রয়েছে।
বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থা তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
তিনি বলেন, দেশে মানুষ হত্যা ও বিভিন্ন অপরাধে জড়িত হয়ে যারা বিদেশে পালিয়ে গেছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে। দলটির নেতৃত্ব নিজেদের দল ও পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। বর্তমানে যারা দলটির সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও একই পরিণতির দিকে যাচ্ছেন।
ভোরে নিজের বাসভবনের গেটে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দুর্বৃত্তরা গেটে আগুন দিয়েই পালিয়ে গেছে। তাদের কর্মকাণ্ডে সাহসের চেয়ে আতঙ্কই বেশি প্রকাশ পেয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, এটি যেন তাদের পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে চায়। তবে সন্ত্রাস ও সহিংসতার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দাবি করে হুমায়ুন কবির বলেন, দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব ইতিবাচক অবস্থানে রয়েছে। বৈদেশিক বিনিয়োগ বাড়ছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় শাসনব্যবস্থা কার্যকর হচ্ছে। এসব অগ্রগতি একটি ক্ষুদ্র গোষ্ঠী মেনে নিতে পারছে না। তাদের অপতৎপরতা একসময় ব্যর্থ হবে।
দেশে ফেরার ক্ষেত্রে পলাতক অপরাধীদের কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ভাষায়, সন্ত্রাসের মাধ্যমে কেউ দেশে ফিরতে পারবে না।
এসব ঘটনায় সরকার কোনো চাপে রয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনো চাপে নেই। বরং অপরাধ ও সন্ত্রাস মোকাবিলায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন