বিনোদন

সৎ মা হিসেবে কেমন কারিনা, মুখ খুললেন সাইফপুত্র ইব্রাহিম

বিনোদন ডেস্ক :

বিনোদন ডেস্ক :

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১৪:৫৯

সৎ মা হিসেবে কেমন কারিনা, মুখ খুললেন সাইফপুত্র ইব্রাহিম

ছবি সংগৃহীত :

বলিউড অভিনেতা সাইফ আলি খানের পরিবারের সমীকরণ নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহল আরও বাড়িয়ে দিতে সম্প্রতি জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নতুন মরশুমে হাজির হয়েছিলেন সাইফ ও তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান।

 

শোয়ের একটি বিশেষ পর্বে সাইফ-সন্তান ইব্রাহিম আলি খানের পাঠানো একটি ভিডিও বার্তা সম্প্রচারিত হয়। যেখানে সৎ মা কারিনা সম্পর্কে ইব্রাহিমের প্রশংসামূলক মন্তব্য এবং পরিবারের সুসম্পর্কের কথা উঠে আসে।

শোয়ে সাইফ ও কারিনাও তাদের পারিবারিক বন্ধন ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
ভিডিও বার্তায় বাবা সাইফকে নিজের ‘হিরো’ ও রোল মডেল হিসেবে অভিহিত করেন ইব্রাহিম।

তবে শুধু স্টার হওয়ার জন্য নয় বরং জীবনের কঠিন লড়াই ও চড়াই-উতরাই পেরিয়ে আসার জন্যই তিনি বাবাকে বেশি শ্রদ্ধা করেন বলে জানান।
সাইফের জীবনের নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ও অতীতে বান্দ্রার বাসভবনে ঘটে যাওয়া অতর্কিত হামলার ঘটনার কথা উল্লেখ করে ইব্রাহিম বলেন, হ্যালো আব্বা এবং বেবো (কারিনা)।

বাবা, তুমি আমার রোল মডেল। আমার হিরো। তবে তুমি কে, তার চেয়েও বড় কথা তুমি কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ। জীবনের উঁচু-নিচু পথ, হার্ট অ্যাটাক, আঙুলের চোট, ছুরি হামলার ঘটনা- সবকিছুর পরেও তুমি টিকে আছ। আর সেই কারণেই তুমি আমার হিরো, এবং সবসময় এভাবেই থাকবে।
এরপরই কারিনা কাপুর খানকে ধন্যবাদ জানিয়ে ইব্রাহিম বলেন, আর বেবো (কারিনা), আমি চাই তুমি জানো যে তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ স্টেপ-মাদার। তুমি সবসময় পাশে থেকেছ। তাই তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।

শোয়ের শেষে হ্যাম্পার কার পাওয়া উচিত জানতে চাওয়া হলে বিন্দুমাত্র দ্বিধা না করে বাবার নামই নেন ইব্রাহিম।

পারিবারিক এই সুসম্পর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাইফ আলি খান জানান, একটি পরিবারকে এক সুতোয় বেঁধে রাখার পেছনে কারিনার অবদান অনস্বীকার্য। প্রথম পক্ষের দুই সন্তান সারা (অভিনেত্রী সারা আলি খান) ও ইব্রাহিমের সঙ্গে কারিনার চমৎকার সম্পর্ক গড়ে ওঠার সম্পূর্ণ কৃতিত্ব তিনি নিজের স্ত্রীকে দিলেও, সবার পারস্পরিক সহযোগিতাকেও সাধুবাদ জানান।

সাইফ বলেন, সবাই ভীষণ চমৎকার। তবে এই সম্পর্কের পুরো কৃতিত্ব আমি অবশ্যই কারিনাকে এবং বাকিদের দেব। কারণ এই বিষয়গুলো দু’দিক থেকেই কাজ করে।

অন্যদিকে, ইব্রাহিমের সঙ্গে তার ছোট দুই ভাই তৈমুর ও জেহের সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন কারিনা। তিনি জানান, টিম ও জেহ তাদের বড় ভাই ইব্রাহিমকে ভীষণ ভালোবাসে এবং তার প্রতি দারুণ এক শ্রদ্ধা রয়েছে। ওরা ইব্রাহিমের মতো হতে চায় এবং ওর সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। ইব্রাহিম ওদের সঙ্গে সময় কাটাতে দারুণ চেষ্টা করে।

বিনোদন থেকে আরো পড়ুন