খেলাধুলা

যে কারণে পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে

স্পোর্টস ডেস্ক :

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ১৫:৪৪

যে কারণে পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে

ছবি সংগৃহীত :

মেজর লিগ সকারে (এমএলএস) চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখেও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসিকে। লিগের ‘গুড বিহেভিয়ার’ বা সুআচরণ নীতির সুবিধা পাওয়ায় আপাতত নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে মুক্ত আর্জেন্টাইন মহাতারকা। ফলে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামতে কোনো বাধা নেই তার।

সর্বশেষ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার স্যামুয়েল গুইডিকে ফাউল করায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান। তবে নিয়ম অনুযায়ী পাঁচ হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞা পাওয়ার কথা থাকলেও বিশেষ সুবিধায় সেটি এড়িয়েছেন তিনি।

 

 

 

এ মৌসুমে এর আগে কলোরাডো র‍্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন মেসি। এমএলএসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক হলুদ কার্ড জমা হলে একজন খেলোয়াড়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। তবে ধারাবাহিকভাবে শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য রয়েছে বিশেষ ছাড়।

এই নিয়মের নাম ‘গুড বিহেভিয়ার’। এর আওতায় কোনো খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড ছাড়া খেলতে পারলে তার ডিসিপ্লিনারি রেকর্ড থেকে একটি হলুদ কার্ড বাদ দেওয়া হয়। তবে পুরো মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন।

মেসি চলতি মৌসুমে ইতোমধ্যে দুবার এই সুবিধা পেয়েছেন। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিলের মধ্যবর্তী সময়ে টানা পাঁচ ম্যাচ কার্ড ছাড়াই খেলেছিলেন তিনি। একইভাবে পরবর্তী কার্ড দেখার আগে টানা ১০ ম্যাচ হলুদ কার্ডমুক্ত ছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

ফলে সিনসিনাটির বিপক্ষে নতুন করে হলুদ কার্ড দেখলেও মেসির কার্যকর হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। তাই নিষেধাজ্ঞার শঙ্কা আপাতত নেই তার।

সবকিছু ঠিক থাকলে রোববার নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে দেখা যাবে মেসিকে।

খেলাধুলা থেকে আরো পড়ুন