সিলেট

সুনামগঞ্জে ২টি সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৫১

সুনামগঞ্জে ২টি সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল ও তার অনুসারীদের বিরুদ্ধে ঠিকাদারের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং দুটি সেতুর নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য নুরুল ইসলাম।

ঠিকাদার শফিকুল ইসলাম মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়েও একই অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। অভিযোগে চাঁদা দাবি, হুমকি, হয়রানি ও সরকারি উন্নয়নকাজে বাধা দেওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার বাসিন্দা এবং ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিরখলা-১ ও সালামপুর সেতুর নির্মাণকাজ করছেন। তার দাবি, প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে সেতু দুটির নির্মাণকাজ বিভিন্ন সময়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর দুই দফায় মুক্তিরখলা-১ সেতুর নির্মাণকাজে বাধা দেওয়া হয়। সর্বশেষ মঙ্গলবার সালামপুর সেতুর কাজও বন্ধ করে দেওয়া হয়। ওই দিন বিকেলে এলাকা দিয়ে ফেরার পথে সংসদ সদস্য নুরুল ইসলাম সেতুটির নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তোলেন এবং কাজ বন্ধ রাখতে বলেন বলে অভিযোগ করেন ঠিকাদার।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে থাকা লোকজন কয়েকজন শ্রমিককে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। এতে নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চালক মনির, পে-লোডার চালক কবির আহমদ এবং সাইট ঠিকাদার হোসেন আহমদ আহত হন বলে জানা গেছে।

বুধবার আবারও সেতু দুটি পরিদর্শন করেন সংসদ সদস্য নুরুল ইসলাম। এ সময় নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সিলেট থেকে আরো পড়ুন