সিলেট

হবিগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৪:৫২

হবিগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান অলি মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কেনার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান অলিউর রহমান অলি। এরপর থেকে নিখোঁজ ছিলেন জাহানারা বেগম।

পরবর্তীতে ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে একটি বেতবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে নিহতের ছেলে মরদেহটি তাঁর মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে অলিউর রহমান অলির বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অলিউর রহমান অলির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. গুলজার আহমেদ খান। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ ধরনের হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

সিলেট থেকে আরো পড়ুন