সিলেট

সিসিকের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৪:১৮

সিসিকের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশক নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। 

বুধবার (২৮ আগস্ট) সকালে নগরীর ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনের পর সিসিক প্রশাসক নিজেই ফগার মেশিন হাতে নিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নেন এবং কর্মীদের উৎসাহিত করেন। এ সময় তিনি নগরীর প্রতিটি এলাকায় আন্তরিকতার সঙ্গে মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মশক নিধনকর্মীরা।

অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক রয়েছে। সম্প্রতি নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে এ পর্যন্ত শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের বাইরে থেকে সংক্রমিত হয়ে আসার তথ্য থাকলেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নগরীর ৪২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে। প্রথম ধাপে ১০টি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। সিসিকের স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মশক নিধনের জন্য পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছে সিসিক। এ লক্ষ্যে বাসাবাড়ি, আঙিনা ও আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে নগরবাসীকে সচেতন করতে মসজিদ, মার্কেট ও মহল্লায় লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সিসিক প্রশাসক। এ কার্যক্রম সফল করতে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সিলেট থেকে আরো পড়ুন