বাংলাদেশ

ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১৮:২৫

ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

সোমবার (১৯ অক্টোবর) কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। এতে ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে নগরীর বাংলাবাজার এলাকায় সশস্ত্র অবস্থায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মিছিলের দুই দিন পর সোমবার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন— সাদ, মিরাজ, লাদেন, রাতুল, রাকিব, আবু বকর সিদ্দিক, রাশেদুল ইসলাম, ফয়সাল আহমেদ মুন্না, তরিকুল ইসলাম রাজা, উজ্জল, খোকা, সীমান্ত ও ইব্রাহিম। তারা সবাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মী বলে জানা গেছে।

এদিকে নগরীতে একের পর এক মিছিলের ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নগরীর সদর রোডের বাসিন্দা রমিজ হাওলাদার বলেন, বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার অন্যতম উদাহরণ হলো একের পর এক ছাত্রলীগের মিছিল-সমাবেশ। ঢাকার বাইরে বরিশাল নগরীতেই ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা একাধিক মিছিল-সমাবেশ করছেন বলে দাবি করেন তিনি।

রমিজ হাওলাদার আরও বলেন, পুলিশের দুর্বল ভূমিকার কারণে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা এ ধরনের সশস্ত্র মিছিল করার সাহস পাচ্ছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন