সিলেট

সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ১৩:২১

সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার সহযোগী ছাদেক আহমদ (৩৫) গুরুতর আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

নিহত বদরুল আলম গোয়াইনঘাট উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের জনক।

নিহতের সঙ্গে থাকা সাদেক হোসেনের ভাষ্য অনুযায়ী, বদরুল আলম ও তিনি মনরতল বাজার থেকে হাদারপার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁদের সঙ্গে ৩০ লাখ টাকা ছিল। পথে গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গতিরোধ করে টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বদরুল আলম বাধা দিলে হামলাকারীরা দা, চাকু, ছুলফিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বদরুল আলমের মৃত্যু হয়। তবে সাদেক হোসেন প্রাণে বেঁচে যান।

সাদেক হোসেনের অভিযোগ, হামলায় গোরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের ছেলে শাহীনুর রহমান (২৯), মামুন আহমদ (৩৪), আমিনুর রশিদ (৩২), তুহিন আহমদ (২৫), সুহিন আহমদ (২৩) এবং উপরগ্রাম গ্রামের আব্দুস শহীদ ওরফে শহীদ দারের ছেলে নোমান আহমদ জড়িত ছিলেন। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরে স্থানীয় লোকজন বদরুল আলমের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মরদেহ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে রাখা ছিল।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বদরুল আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

সিলেট থেকে আরো পড়ুন