সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার ৯ মাসের মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুলের কেওড়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনাইয়া জান্নাত। তানিয়া নগরীর শাহপরাণ থানার দাসপাড়া এলাকার বাসিন্দা সামীর আহমেদের স্ত্রী।
দুর্ঘটনায় আহত চারজন হলেন মো. শোয়েব আহমদ (১৭), মো. হুসাইন আহমদ (১৭), রহমত মিয়া (২৬) ও মোছা. তানিয়া (২৬)।
তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল কেওড়াছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও সাদাপাথর বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশায় থাকা সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনাইয়া জান্নাত। এ সময় আরও চারজন আহত হোন।
এসএমপির উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মা ও মেয়ের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন