সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোয়াইনঘাটের জাফলং হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা তাজুল ইসলাম।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকার কল্যাণপুরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সহোদর ফখরুল ইসলাম।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর জাফলং থেকে সিলেটের আমান উল্লাহ কনভেনশনে একটি সেমিনারে যোগ দিতে প্রাইভেটকারে রওনা হন মাওলানা তাজুল ইসলাম। পথে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় প্রাইভেটকারের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় তিনজন আহত হন। পরে তাঁদের সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত মাওলানা তাজুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।
মাওলানা তাজুল ইসলাম পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সুপার ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাফলং হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি শিক্ষক সমিতির একজন নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর বাড়ি জৈন্তাপুর উপজেলার ছৈয়া গ্রামে। তিনি মরহুম মাওলানা আব্দুর রবের মেজো ছেলে। একজন শিক্ষক ও সম্মানিত ব্যক্তি হিসেবে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তাঁর ব্যাপক পরিচিতি ও সুনাম ছিল।
তাঁর মৃত্যুতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ সোমবার সকালে ছৈয়া শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন