হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে জাইদুল মিয়া হত্যা মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)-৯
বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বানিয়াচং উপজেলার মন্দুরী গ্রামের মৃত সিদ্দিক উল্লাহর দুই ছেলে বদির মিয়া (৪৪) ও শামীম মিয়া (৪০), সিরাজুল ইসলামের ছেলে রাহীন মিয়া (৩০), তাইদুল মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৫) এবং বছির উদ্দিনের ছেলে নূর আলম (৩৫)।
এসআরবি-৯ জানায়, গত ১৮ সেপ্টেম্বর জমিসংক্রান্ত বিরোধের জেরে বানিয়াচংয়ে জাইদুল মিয়া নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার দিন স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাজনগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এর আগে আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার পাঁচ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন