সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা পাতা, বাসমতি চাল ও মাদকসহ প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। বাংলাবাজার, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, তামাবিল, সংগ্রাম ও কালাইরাগ বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা পাতা, বাসমতি চাল ও মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ১৯ হাজার টাকা।
এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত চোরাচালান পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন