প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৪৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের টিভি রুমে তিন মাস ধরে রাত কাটানো পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নিশান হোসাইনের পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রদল। নিশানের আবাসন সংকটের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নিশানকে হলে একটি সিট দেওয়ার আশ্বাস দেন উপাচার্য।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে সৈয়দ মুজতবা আলী হলের টিভি রুমে গিয়ে নিশানের সঙ্গে দেখা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে তার আবাসন সংকটের কথা শোনার পর উপাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। নিশানের বর্তমান পরিস্থিতি জানানো হলে উপাচার্য তাকে হলে সিট দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জুনায়েদ-সহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিশান শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরিবারের আর্থিক সংকটের কারণে বাইরে মেস ভাড়া করে থাকার সামর্থ্য নেই তার। তার বাবা রিকশাচালক এবং মা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই হলের একটি সিটের জন্য চেষ্টা করছেন নিশান। তবে তিন মাসেও তার ভাগ্যে সিট জোটেনি। ফলে কখনো হলের মসজিদের মেঝেতে, আবার কখনো টিভি রুমের কয়েকটি বেঞ্চ জোড়া দিয়ে রাত কাটাতে হচ্ছে তাকে।
বর্তমানে হলের টিভি রুমের একটি বেঞ্চই নিশানের অস্থায়ী আবাসস্থল। সেখানে গামছা মাথার নিচে দিয়ে বালিশ-কাঁথা ছাড়াই রাত কাটাচ্ছেন তিনি।
এদিকে মঙ্গলবার রাতে নিশানের সঙ্গে দেখা করে তার পরিস্থিতি জানার পর ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি উপাচার্যের নজরে আনেন। পরে ফোনে নিশানের আবাসন সংকটের কথা জানানো হলে উপাচার্য তাকে সিট দেওয়ার আশ্বাস দেন।
শিক্ষা থেকে আরো পড়ুন