বাংলাদেশ

বিএনপি নেতার বাড়িতে হামলা: বাবা জখম, ছেলে গুলিবিদ্ধ

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ ১৭:৩৪

বিএনপি নেতার বাড়িতে হামলা: বাবা জখম, ছেলে গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় শহিদুল ইসলাম স্বপন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তার ছেলে মেহেদী হাসানকে (২০) গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া স্বপন হাওলাদারের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভেচকি গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, রাতের আঁধারে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ সময় স্বপন হাওলাদারকে কুপিয়ে এবং তার ছেলে মেহেদী হাসানকে গুলি করা হয়। আহতদের প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বপন হাওলাদার টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

আহত মেহেদী হাসান জানান, গভীর রাতে দরজা ভেঙে কয়েকজন ডাকাত ঘরে ঢুকে তাদের মারধর শুরু করেন। তার বাবাকে কোপানো এবং মাকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনটি গুলি ছোড়া হয়েছে দাবি করে তিনি বলেন, দুটি গুলির অংশ পাওয়া গেছে এবং একটি গুলি তার হাতে রয়েছে।

ঘটনার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হামিম। তিনি বলেন, তাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। একজন গুলিবিদ্ধ অন‍্য একজন আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের পক্ষ থেকে বিকেলে মামলা করার কথা রয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন