ছবি: সংগৃহীত
এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়ান গেমসে ক্রিকেটে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার আলোচনায় এসেছে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়টিও। বিসিবির একটি বিশ্বস্ত সূত্রের বরাতে দেশের একটি গণমাধ্যমে জানানো হয়েছে, অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণের ঘটনায় তিন ক্রিকেটারকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের প্রত্যেককে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ইতোমধ্যে বিষয়টি ক্রিকেটারদের জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে, এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি পরিত্যক্ত হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় লিটন দাসের দলের।
বিশেষ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার তুলনামূলক দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
মাঠের এমন ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া ভ্রমণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে তিন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক জরিমানার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া না পর্যন্ত শাস্তির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
খেলাধুলা থেকে আরো পড়ুন