সিলেট

সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৮

সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ১১০ বোতল বিদেশি মদসহ মো. নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।

আটক ব্যক্তি হলেন মো. নজরুল ইসলাম (৪২)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার টুকেরগাঁও এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজার এলাকার একটি কাঠের মিলের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও অপর দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ও একটি কার্টনের ভেতর থেকে ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসআরবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি ও পলাতক দুই ব্যক্তি পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন