সিলেট

হবিগঞ্জে গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯

হবিগঞ্জে গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, এক বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের অলিপুর রেলক্রসিংয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকারযোগে সিলেটের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে মহাসড়কের অলিপুর রেলক্রসিংয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে গাড়িটি থামানো হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করলে প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির বিভিন্ন স্থান থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ২০টি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলায় মোট ২০ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ সময় মাদকদ্রব্যসহ প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

আটকরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুণিয়াউট এলাকার মো. তৌফায়েল মিয়ার ছেলে মো. রাব্বী (২৬) এবং হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর এলাকার মো. শওকত মিয়ার ছেলে মো. নুরুল হক (৪০)।

এসআরবি সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজন ও জব্দকৃত আলামত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন