বিনোদন

তিন বছর ধরে কেন বিয়ের ছবি গোপন করছেন তাপসী?

বিনোদন ডেস্ক:

বিনোদন ডেস্ক:

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৪

তিন বছর ধরে কেন বিয়ের ছবি গোপন করছেন তাপসী?

ছবি: সংগৃহীত

তাপসী পান্নুর বিয়ে নিয়ে কৌতূহল কমেনি ভক্তদের। ২০২৪ সালে ডেনমার্কের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে এলেও সেই অনুষ্ঠানের ছবি কিংবা ভিডিও নিজে থেকে প্রকাশ করেননি বলিউড অভিনেত্রী। প্রায় তিন বছর পর এবার জানালেন, কেন এতটা ব্যক্তিগত রেখেছেন জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়।

তাপসীর কাছে বিয়ে মূলত তার ব্যক্তিগত জীবনের অংশ। তাই সেটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা কিংবা ছবি-ভিডিও প্রকাশের কোনো প্রয়োজন তিনি অনুভব করেননি।

অভিনেত্রীর ভাষ্য, ব্যক্তিগত ও পেশাগত জীবন তিনি বরাবরই আলাদা রাখতে চেয়েছেন। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে না আনার অর্থ এটি নয় যে তিনি কিছু লুকাচ্ছেন বা এ নিয়ে অস্বস্তিতে আছেন।

তাপসীর মতে, বিয়ের মতো একান্ত ব্যক্তিগত একটি মুহূর্তকে সংবাদ বিজ্ঞপ্তি কিংবা সাজানো ছবি-ভিডিওর মাধ্যমে জনসমক্ষে উপস্থাপন করার বিষয়টি তার কাছে স্বাভাবিক মনে হয় না। নিজের জীবনের এমন মুহূর্তকে ব্যক্তিগত রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

এ সিদ্ধান্তের আরেকটি কারণ ম্যাথিয়াস বোয়ের পেশাগত পরিচয়। তিনি বিনোদন অঙ্গনের কেউ নন। তাই তাপসীর তারকাখ্যাতির কারণে স্বামী কিংবা তার পরিবারের ব্যক্তিগত জীবন যাতে অতিরিক্ত নজরদারির মধ্যে না পড়ে, সেটিও বিবেচনায় রেখেছেন অভিনেত্রী।

তাপসী ও ম্যাথিয়াসের সম্পর্ক দীর্ঘদিনের। ব্যাডমিন্টন সূত্রে তাদের পরিচয়, এরপর সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর ২০২৪ সালে উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। আয়োজনটি ছিল একেবারেই ব্যক্তিগত পরিসরে।

বিয়ের পরও তাপসী নিজের ব্যক্তিগত জীবনকে আলোচনার কেন্দ্রে না এনে অভিনয় ও পেশাগত কাজকেই সামনে রেখেছেন। তার অবস্থান স্পষ্ট- তারকার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়া বাধ্যতামূলক নয়।

বিনোদন থেকে আরো পড়ুন