সিলেট

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে ৪টি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৭

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে ৪টি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালপুর, লক্ষীপুর ও কামিনীপুর এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে যৌথ টাস্কফোর্স।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। স্টোন ক্রাশার মেশিন পরিচালনার ক্ষেত্রে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে পরিবেশগত ক্ষতি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। এ সময় বিধি লঙ্ঘনের দায়ে লালপুর এলাকার মো. সোলায়মানকে ১ লাখ টাকা, লক্ষীপুর এলাকার মো. মত্তুর্জা আলীকে ১ লাখ টাকা, কামিনীপুর এলাকার মো. হোসেনকে ১ লাখ টাকা এবং একই এলাকার সফিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত এবং পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। এছাড়া পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

সিলেট থেকে আরো পড়ুন