হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন-চার দিন ধরে বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এ নিয়ে কয়েক দফা কথা-কাটাকাটিও হয়।
এরই ধারাবাহিকতায় আজ দুপুরে সিএনজি ও টমটম শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারাও এতে সহযোগিতা করেন। সংঘর্ষে আহত ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন