প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সিলেট অঞ্চলের বিভিন্ন রুটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে।
নতুন হার অনুযায়ী, দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ ভাড়া কার্যকর হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা।
তবে গ্যাস, অকটেন ও পেট্রোলচালিত যানবাহনের ভাড়া বাড়ানো হয়নি। এসব জ্বালানিচালিত যানবাহনে আগের নির্ধারিত ভাড়াই বহাল রয়েছে।
বিআরটিএর সিলেট সার্কেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, সিলেট-সুনামগঞ্জ রুটের ৫৯ কিলোমিটার দূরত্বে ৪০ আসনের বাসে জনপ্রতি ভাড়া ১৪২ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিলেট-জকিগঞ্জ (বারইগ্রাম-সুতারকান্দি) ৮৯ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে জনপ্রতি ভাড়া ২১৪ টাকা এবং ৫১ আসনের বাসে ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সিলেট-ছাতক ২৯ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।
টোলযুক্ত রুটগুলোতে টোলের অর্থ যুক্ত করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট-দিরাই ৭৫ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ভাড়া ২১৫ টাকা এবং ৫১ আসনের বাসে ২৬৫ টাকা। সিলেট-কুলাউড়া - ফেঞ্চুগঞ্জ ৬১ কিলোমিটার রুটে ৬৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ১৪৬ টাকা এবং ৫১ আসনের বাসে ১৮৬ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সিলেট-শেরপুর ৩৭ কিলোমিটার রুটে ৩৫ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৮৯ টাকা ও ৫১ আসনের বাসে ১১৩ টাকা এবং সিলেট-বিশ্বনাথ - রামপাশা ২৪ কিলোমিটার রুটে ৬ টাকা টোলসহ ৪০ আসনের বাসে ৫৮ টাকা ও ৫১ আসনের বাসে ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য দূরপাল্লার রুটের মধ্যে সিলেট-শ্রীমঙ্গল - মৌলভীবাজার ৮৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৯৯ টাকা ও ৫১ আসনের বাসে ২৫৪ টাকা, সিলেট-জাফলং তামাবিল ৫৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৩৯ টাকা ২০ পয়সা ও ৫১ আসনের বাসে ১৭৭ টাকা, সিলেট-গোয়াইনঘাট (ভায়া সালুটিকর) ৩৮ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ৯১ টাকা ও ৫১ আসনের বাসে ১১৬ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সিলেট-মৌলভীবাজার (ফেঞ্চুগঞ্জ ও মুন্সিবাজার) ৬৩ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ১৫১ টাকা ও ৫১ আসনের বাসে ১৯৩ টাকা এবং সিলেট-চন্দরপুর ২৭ কিলোমিটার রুটে ৪০ আসনের বাসে ৬৫ টাকা ও ৫১ আসনের বাসে ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু বলেন, বাসগুলোকে সরকারের নির্ধারিত হারেই যাত্রীসেবা দিতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভাড়া বাড়ানোর পর বাসের চালক-হেলপার ও যাত্রীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়। তবে কয়েকদিন গেলে এ সমস্যার সমাধান হয়ে যায়।
সিলেট থেকে আরো পড়ুন