সিলেট

সিলেটে হামে প্রাণ গেল আরও ১ শিশুর, মৃতের সংখ্যা ১৭৬

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৭

সিলেটে হামে প্রাণ গেল আরও ১ শিশুর, মৃতের সংখ্যা ১৭৬

ছবি সংগৃহীত :

সিলেটে বাড়ছে হামের প্রকোপ  নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ছয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে।

 

 

একই সময়ে বিভাগে নতুন করে ১৮১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৮১ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬২৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন চিকিৎসাধীন। এছাড়া বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স ছয় মাস। সে হবিগঞ্জের বাসিন্দা এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। প্রতিবেদনে শিশুটির বাবার নাম মইনুল ইসলাম উল্লেখ করা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে সন্দেহজনক হাম রোগে ৬৫ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ২২ ও ৪ জন, মৌলভীবাজারে ১৪ ও ১ জন এবং সুনামগঞ্জে ৬৫ ও ১ জন।

সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৬৬ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে।

একদিনে আরও একজনের মৃত্যু এবং হাসপাতালে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাওয়ায় সিলেটের হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন