সিলেট

বিশ্ব পর্যটন দিবসে জাফলংয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৮

বিশ্ব পর্যটন দিবসে জাফলংয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র জাফলংয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ট্যুরিস্ট পুলিশ জাফলং জোন ও জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

দিবসটি উপলক্ষে সকালে জাফলংয়ের প্রধান প্রধান সড়ক ও পর্যটন এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটনকেন্দ্র এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাফলং বিজিবি ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাফলং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। এখানকার পর্যটন শিল্পের বিকাশ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশি-বিদেশি পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, ব্যবসায়ী সমিতি ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন।

বক্তারা আরও বলেন, জাফলংয়ের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা, সেবার মান ও সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। আগামী দিনে জাফলংকে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকাচালক যুব সংঘের সভাপতি বাছির মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির সভাপতি সাজু মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন আহমেদসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন