সিলেট

মৌলভীবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০০

মৌলভীবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপ্লব পাশী (৩২) হত্যা মামলায় ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে শাওন পাশী (৪৩) নামে এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

গ্রেফতার শাওন পাশী (৪৩) শ্রীমঙ্গল থানার ভূতভুড়িয়া চা-বাগান এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম বর্ষি প্রসাদ পাশী ।

বুধবার(২৩ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত বিপ্লব পাশী শ্রীমঙ্গল থানাধীন ভূতভুড়িয়া চা-বাগান এলাকার বাসিন্দা। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে গালিগালাজ ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তিনি ঘরবাড়ি ভাঙচুর করেন এবং তার মা ও ভাই বিজয় পাশীকে মারধরের জন্য তেড়ে আসেন।

এ সময় বিজয় পাশী বিপ্লব পাশীর হাতে থাকা একটি কাঠের বর্গা জোরপূর্বক কেড়ে নিয়ে তার মাথার বাম পাশে আঘাত করেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এতে বিপ্লব গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিপ্লব পাশীকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মরদেহ বাড়িতে নিয়ে আসার পর নিহতের চাচা ও মামলার ২ নম্বর আসামি শাওন পাশীর প্ররোচনায় বিজয় পাশী পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগ করেন এবং ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে মরদেহ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলার পর আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি অভিযানিক দল ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল পৌরসভার ভানুগাছ রোডের রেলগেট এলাকায় অভিযান চালায়। অভিযানে শ্রীমঙ্গল থানার মামলা নম্বর-৩১, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩০২/২০১ ধারার মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি শাওন পাশীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন