মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে ৮টার দিকে আলম এশিয়া নামের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন অটোরিকশার ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছিল। তাদের সবার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখনো তাদের কোনো স্বজন হাসপাতালে আসেননি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান চিকিৎসক নাভিদ।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের কারও নাম-পরিচয় পাওয়া যায়নি।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পরপরই সিএনজিতে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
সিলেট থেকে আরো পড়ুন